যশোর সদর উপজেলায় প্রায় ১ কেজি ওজনের গোল্ড পেস্ট (স্বর্ণের পেস্ট) ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ভোরে যশোর–নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। তার কাছ থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের গোল্ড পেস্টসহ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসবের মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশিতে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
বিজিবির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তি ভারতের মুম্বাইয়ের থানে এলাকার বাসিন্দা। তিনি মধ্যপ্রাচ্য ও বিভিন্ন দেশ হয়ে বাংলাদেশে প্রবেশ করে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
বিজিবি আরও জানায়, গোল্ড পেস্ট পরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত হওয়া গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে।

