ভারতে বিধানসভা নির্বাচন: বুড়িমারী স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

0
ভারতে বিধানসভা নির্বাচন: বুড়িমারী স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে ত্রিদেশীয় বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই বন্দরে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার বিকেলে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের পাঠানো ২১ নম্বর আদেশে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের কারণে ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের মধ্য দিয়ে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনের ছুটি এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত আংশিক সচল থাকবে। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, নির্বাচনকালীন এই সময়ে ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবেন না। তবে জরুরি চিকিৎসাপ্রার্থী এবং নেপাল ও ভুটানগামী যাত্রীরা এই ইমিগ্রেশন ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বলেন, ভারতের নির্বাচনের কারণে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ বা বের হতে পারবে না। বিষয়টি আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here