‘ছাগলকাণ্ড’র মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ মে

0
‘ছাগলকাণ্ড’র মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ মে

এনবিআরের সাবেক কর্মকর্তা, ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউর রহমানের বিরুদ্ধে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় আগামী ১১ মে চার্জগঠন শুনানির দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) বিভাগীয় স্পেশাল জজ শারমিন আফরোজ এ দিন ধার্য করেন।

মতিউর রহমানের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান লিটন ঢালি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে এক কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পাঁচ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দু’টি মামলা হয়।

প্রথম মামলায় মতিউরের বিরুদ্ধে পাঁচ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং এক কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। এই মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক।

দ্বিতীয় মামলায় মতিউরের সঙ্গে আসামি করা হয়েছে তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীকে। তার বিরুদ্ধে এক কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৪৯০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং দুই কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৪৭৫ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এ মামলার তদন্ত এখনও চলছে।

২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here