আসন্ন বিশ্বকাপে টিকিটের আকাশচুম্বী দাম ও অতিরিক্ত খরচ নিয়ে সমালোচনার জবাবে আবারও অবস্থান পরিষ্কার করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। টিকিটের উচ্চমূল্য ও ডায়নামিক প্রাইসিং পদ্ধতি নিয়ে বিশ্বজুড়ে সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা।
এবার বিষয়টি নিয়ে ফরাসি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ থেকে পাওয়া আয়ই ফিফার মূল আর্থিক উৎস। তার ভাষায়, মাত্র এক মাসের এই টুর্নামেন্টের আয় দিয়েই পরবর্তী ৪৭ মাস ধরে সংস্থার বিশ্বব্যাপী কার্যক্রম চালানো হয়।
তিনি আরও দাবি করেন, টুর্নামেন্টের টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্ব এবং অন্যান্য আয় ছাড়া ফিফার বড় কোনো স্থায়ী আয়ের উৎস নেই। তাই বর্তমান মূল্য কাঠামো বজায় রাখা সংস্থার জন্য অপরিহার্য।
এর আগে গ্যালারির সামনের সারির আসনের দাম কয়েক হাজার ডলার পর্যন্ত পৌঁছানোয় সমালোচনার ঝড় ওঠে। অনেক ভক্ত একে সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে যাওয়া আয়োজন হিসেবে অভিহিত করেছেন।
শুধু টিকিটই নয়, যাতায়াত ও পার্কিং খরচও দর্শকদের জন্য বাড়তি চাপ তৈরি করছে। কোনো কোনো স্টেডিয়ামে পার্কিং ফি টিকিটের চেয়েও বেশি হতে পারে বলেও জানা গেছে।
সমালোচনা সত্ত্বেও ফিফা সভাপতি জানান, এই টুর্নামেন্টের আয়ই বিশ্ব ফুটবলের উন্নয়ন ও পরবর্তী কার্যক্রম পরিচালনার ভিত্তি হিসেবে কাজ করে।

