কক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসব শুরু

0
কক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসব শুরু

কক্সবাজারে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব। বর্ষবিদায় ও নববর্ষ বরণ উপলক্ষে রাখাইন সম্প্রদায় প্রতিবছরের মতো এবারও সাত দিনব্যাপী ‘সাংগ্রেং’ উৎসব পালন করছে। এর অংশ হিসেবে ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া আনুষ্ঠানিকতার ধারাবাহিকতায় শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে তিন দিনের জলকেলি উৎসব।

রাখাইন সম্প্রদায়ের লোকজন জানান, উৎসবের শুরুতে বৌদ্ধ বিহারগুলোতে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। এসব আয়োজন শেষে নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হয় জলকেলি বা সাংগ্রাইন।

রাখাইন বৌদ্ধ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মংছেন হ্লা রাখাইন বলেন, উৎসব উপলক্ষে সকালে বিভিন্ন রাখাইন পল্লী থেকে শোভাযাত্রা করে বৌদ্ধ বিহারে যান শিশু-কিশোর, তরুণ-তরুণী ও বয়স্করা। এ সময় কিশোররা মাটির কলস এবং বয়স্করা কল্পতরু বহন করেন। ধর্মীয় আচার শেষে বিকেলে তরুণ-তরুণীরা বাদ্যযন্ত্র নিয়ে দলবদ্ধভাবে জলকেলি উৎসবের প্যান্ডেলে অংশ নেন।

তিনি জানান, রঙিন কাগজ ও নানা ফুল দিয়ে সাজানো প্যান্ডেলগুলোতে পানিভর্তি ড্রাম রাখা হয়। একপাশে তরুণী ও অন্যপাশে তরুণেরা অবস্থান নিয়ে নাচ-গানের মধ্য দিয়ে একে অপরের দিকে পানি ছিটান। তাঁদের বিশ্বাস, এই মঙ্গলজল ছিটানোর মাধ্যমে পুরোনো বছরের দুঃখ-কষ্ট ও গ্লানি দূর হয়।

জেলা জুড়ে বিভিন্ন স্থানে এ উৎসব চলছে। কক্সবাজার শহরের পূর্ব-পশ্চিম মাছ বাজার, ফুলবাগ সড়ক, ক্যাংপাড়া, হাঙরপাড়া, টেকপাড়া, বার্মিজ স্কুল রোড, বৌদ্ধ মন্দির সড়ক ও চাউল বাজার ছাড়াও মহেশখালী, টেকনাফ, চকরিয়া, হারবাং, রামু ও চৌফলদন্ডীসহ বিভিন্ন এলাকায় অন্তত অর্ধশত প্যান্ডেলে আয়োজন করা হয়েছে।

এ উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার বলেন, প্রতিটি প্যান্ডেলে পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা যায়, সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here