চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতকে ৩.৫ বিলিয়ন ডলার ঋণ পরিশোধের চরম চাপের মুখে থাকা পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব। দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, রিয়াদ পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলারের নতুন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
বর্তমানে ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে অবস্থানরত পাক অর্থমন্ত্রী নিশ্চিত করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই এই অর্থ পাকিস্তানের কোষাগারে জমা হবে। এমন এক সময়ে এই ঘোষণা এলো যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দিচ্ছেন।
মূলত ২০১৯ সালে পাকিস্তানের লেনদেনের ভারসাম্য সংকট কাটাতে আবু ধাবি ফান্ড ফর ডেভেলপমেন্টের মাধ্যমে বড় অংকের ঋণ দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। বারবার সময় বাড়িয়েও এবার বকেয়া ৩.৫ বিলিয়ন ডলার অর্থ অবিলম্বে ফেরতের জন্য আবুধাবি চাপ সৃষ্টি করায় ইসলামাবাদ চরম বিপাকে পড়েছিল।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সঙ্গে আরব আমিরাতের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবং ভারতের সঙ্গে আবুধাবির ক্রমবর্ধমান নিরাপত্তা সম্পর্কের কারণেই এই ঋণ ফেরত নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের এই বড় অংকের সহায়তা পাকিস্তানের ভেঙে পড়া অর্থনীতিকে সাময়িক স্বস্তি দেবে এবং আইএমএফ-এর শর্তানুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।
সূত্র: আরটি

