চীন থেকে উৎক্ষেপণ করা একটি স্যাটেলাইট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো টার্গেট করার সক্ষমতা পেয়েছে ইরান। এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইনান্সিয়াল টাইমস।
ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাতে প্রতিবেদনে বলা হয়, চীনের আর্থ আই কোম্পানি টিইই-০১বি স্যাটেলাইটটি নির্মাণ ও উৎক্ষেপণ করে। ২০২৪ সালের শেষ দিকে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণের পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বাহিনী এটি অধিগ্রহণ করে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানি সামরিক কমান্ডাররা সময়, চিহ্নিত স্থানাঙ্কের তালিকা, স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি এবং কক্ষপথ বিশ্লেষণের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর নজরদারি চালায়। গত মার্চ মাসে এসব স্থানের ছবি তোলা হয়, যা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে সংগ্রহ করা হয়েছে।
উল্লেখিত স্থানগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটির আশপাশের এলাকা এবং ইরাকের এরবিল বিমানবন্দর সংলগ্ন অঞ্চল। ওই সময়গুলোতে এসব স্থাপনায় হামলার দাবিও করেছে আইআরজিসি।
প্রতিবেদন আরও বলছে, এই ব্যবস্থার অংশ হিসেবে আইআরজিসি বেইজিংভিত্তিক স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও তথ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এমপোস্যাট পরিচালিত বাণিজ্যিক গ্রাউন্ড স্টেশন ব্যবহারের সুযোগ পায়। প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক এশিয়া, লাতিন আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলে বিস্তৃত।
তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ, পেন্টাগন ও সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। একইভাবে চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু জানায়নি। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস ফাইন্যান্সিয়াল টাইমস-কে জানায়, ‘আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি যে, কিছু পক্ষ চীনের বিরুদ্ধে অনুমানভিত্তিক ও ইঙ্গিতমূলক মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও চীনা কোম্পানি এমপোস্যাট-এর মধ্যকার সম্পর্ক নিয়ে হোয়াইট হাউস কোনো সরাসরি মন্তব্য করেনি। তবে একজন মুখপাত্র গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেছেন, চীন যদি ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে, তাহলে তাদেরকে বড় সমস্যার মুখোমুখি হতে হবে।

