‘পিকচার আভি বাকি হ্যায়’, শাহরুখের সংলাপে ট্রাম্পকে হুঁশিয়ারি মুম্বাই ইরানি কনস্যুলেটের

0
‘পিকচার আভি বাকি হ্যায়’, শাহরুখের সংলাপে ট্রাম্পকে হুঁশিয়ারি মুম্বাই ইরানি কনস্যুলেটের

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ইরানের নৌবাহিনীকে প্রায় ধ্বংস করে দিয়েছে এবং তাদের ১৫৮টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্পের এই দাবির জবাবে ভারতের মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল বলিউড অভিনেতা শাহরুখ খানের সংলাপ ব্যবহার করে এক অভিনব পাল্টা বার্তা দিয়েছে। 

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, পারস্য উপসাগরে ইরানের অত্যন্ত দ্রুতগামী ক্ষেপণাস্ত্রবাহী বোটগুলো মহড়া দিচ্ছে।

ইরানি কনস্যুলেটের ওই পোস্টে এই দ্রুতগামী বোটগুলোকে ‘পারস্য উপসাগরের লাল মৌমাছি’ হিসেবে অভিহিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে তারা লেখে, ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের নৌবাহিনী শেষ হয়ে গেছে, কিন্তু এখন তারা বুঝতে পারবে একঝাঁক মৌমাছি কীভাবে চারপাশ থেকে ঘিরে ধরতে পারে। ট্রাম্পের বাহিনীর প্রতি এই আক্রমণাত্মক বার্তার শেষে তারা ব্যবহার করেছে শাহরুখ খানের ২০০৭ সালের ব্লকবাস্টার ছবি ‘ওম শান্তি ওম’-এর সেই কালজয়ী সংলাপ— ‘আভি তো সির্ফ ট্রেলার হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়’ (এখন তো শুধু ট্রেলার চলছে, পুরো সিনেমা এখনো বাকি আছে)।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে দাবি করেছিলেন যে ইরানের প্রধান নৌবাহিনী এখন সমুদ্রের তলদেশে বিলীন হয়ে গেছে। তবে তিনি ইরানের ছোট আকৃতির ‘ফাস্ট অ্যাটাক’ জাহাজগুলোকে খুব একটা গুরুত্ব দিতে চাননি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, এই বোটগুলো যদি মার্কিন অবরোধের কাছাকাছি আসার চেষ্টা করে, তবে মাদক ব্যবসায়ীদের মতো তাদেরও অত্যন্ত নির্মমভাবে নির্মূল করা হবে।

উল্লেখ্য, গত সপ্তাহান্তে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প মার্কিন বাহিনীকে হরমুজ প্রণালির সমস্ত ইরানি বন্দর অবরোধ করার নির্দেশ দিয়েছেন। এই চরম উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরে আইআরজিসির এই ‘সোয়ার্ম অ্যাটাক’ বা মৌমাছির ঝাঁকের মতো আক্রমণের সক্ষমতা মনে করিয়ে দিয়ে যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান। আর সেই বার্তার সঙ্গে শাহরুখ খানের সংলাপ যুক্ত হওয়ায় তা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here