বিসিবির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর অনিশ্চয়তা কেটে গেছে। ২০২৫-২৬ মৌসুমে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ডিপিএলের দলবদলের তারিখ ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
সোমবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগামী শনি ও রবিবার দলবদলের দিন ধার্য করা হয়েছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে ওই দুই দিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে দলবদলের আনুষ্ঠানিকতা।
লিগে অংশ নেওয়া ১২টি দল হলো— আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং, লেজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও ঢাকা লিওপার্ডস।

