নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা

0
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা

নারী ক্রিকেটের বিকাশে বড় অগ্রগতি হিসেবে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে প্রায় ৮৭ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার, যা আগের আসরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। ২০২৪ বিশ্বকাপে এই অঙ্ক ছিল প্রায় ৭৯ লাখ ৫৮ হাজার ডলার।

প্রথমবারের মতো ১২ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ২৩ লাখ ৪০ হাজার ডলার, আর রানার্সআপ দল পাবে প্রায় ১১ লাখ ৭০ হাজার ডলার। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে প্রায় ৬ লাখ ৭৫ হাজার ডলার করে।

এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্যও থাকবে আর্থিক প্রণোদনা। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলই ন্যূনতম প্রায় ২ লাখ ৪৭ হাজার ডলার নিশ্চিতভাবে পাবে।

বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দলও। শুধু অংশগ্রহণ করলেই দলটি পাবে প্রায় ২ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকা।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত এই উদ্যোগকে নারী ক্রিকেটের দ্রুত অগ্রগতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, দলসংখ্যা বৃদ্ধি ও রেকর্ড প্রাইজমানি নারী ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক ও বৈশ্বিকভাবে শক্তিশালী করে তুলবে।

আগামী ১২ জুন বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে এই বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here