কেরানীগঞ্জে ভেজাল ওষুধ কারখানায় অভিযান, জরিমানা

0
কেরানীগঞ্জে ভেজাল ওষুধ কারখানায় অভিযান, জরিমানা

ঢাকার কেরানীগঞ্জে গবাদিপশুর খাদ্যের সঙ্গে ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে ভেজাল বনাজি ও যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানার মালিকের অনুপস্থিতিতে তার স্ত্রীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি এলাকায় একটি আবাসিক ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বাসার ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে গবাদিপশুর খাদ্য, চিটাগুড়সহ বিভিন্ন উপকরণের সঙ্গে অজ্ঞাত কেমিক্যাল মিশিয়ে ভেজাল বনাজি ও যৌন উত্তেজক ওষুধ তৈরি করা হচ্ছিল। পরে সেগুলো বিভিন্ন আকর্ষণীয় নাম ও নামী-দামি প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল কাঁচামাল, প্রস্তুত পণ্য, মোড়ক ও লেবেল জব্দ করা হয়। একই মালিকানাধীন চুনকুটিয়া চৌরান্তা, কালীগঞ্জ বাজার ও তেলঘাট এলাকায় এসব পণ্য বিক্রির সঙ্গে জড়িত তিনটি দোকান সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ বলেন, গবাদিপশুর খাদ্যের সঙ্গে ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে ভেজাল পণ্য ও যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় কারখানার মালিক হারুন শেখের অনুপস্থিতিতে তার স্ত্রী খুসি মন বেগমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও প্রতারণামূলক এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পুনরায় একই অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here