কক্সবাজারে ভোক্তা অধিকারের অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

0
কক্সবাজারে ভোক্তা অধিকারের অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কোটবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ।

অভিযানকালে কোটবাজার আরব সিটি সেন্টারের নিচতলায় শৈল্পিক কাপড়ের দোকানে ভারত, চায়না ও বিভিন্ন বিদেশি পণ্য যথাযথ তথ্য ছাড়া বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশের দোকান এনেক্সকে অনিয়মের কারণে সতর্ক করা হয়।

এ সময় কোটবাজার মেগামার্টে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি ও দেশীয় পণ্য বিদেশি বলে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কোটবাজার সুপারশপে মূল্যতালিকা না থাকা ও অন্যান্য অনিয়মে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ভবনের নিচে একটি গ্যাসের দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদোত্তীর্ণ থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here