ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম সম্পর্কে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বিদ্রূপ করে বলেন, তিনি এই দুই নেতার কারোর জন্যই কোনো ‘জীবন বিমা’ করবেন না (অর্থাৎ তারা নিরাপদ নন)।
তিনি খামেনিকে ‘বিপ্লবী গার্ডের পুতুল’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির বিবৃতি একজন সংবাদ পাঠক পাঠ করার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন গত প্রায় দুই সপ্তাহের হামলায় ইরান মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।
তিনি বলেন, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন এবং ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে।
জানুয়ারি মাসে ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামা ইরানিদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে, এটি আপনাদের হাতেই।’

