ব্রাইটনকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল

0
ব্রাইটনকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে মিকেল আর্তেতার দল। ব্রাইটনের মাঠে প্রায় পুরো ম্যাচে চাপে থেকেও শেষ হাসিটা হাসল আর্সেনাল। বুধবার ১-০ ব্যবধানের কঠিন এক জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।

এদিন খেলার নবম মিনিটেই এগিয়ে যায় গানাররা। ডান প্রান্ত দিয়ে দারুণভাবে ঢুকে শট নেন বুকায়ো সাকা। বলটি ব্রাইটনের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলায়, গোলরক্ষক বার্ট ভেরব্রুখেন পা দিয়ে ঠেকাতে গিয়ে ব্যর্থ হন। সেই এক গোলই শেষ পর্যন্ত গড়েছে ম্যাচের ভাগ্য।

তবে লিড নেওয়ার পরও স্বস্তিতে ছিল না আর্সেনাল। ৫৮ শতাংশ বল দখল আর ১৩টি শট নিয়ে ম্যাচে আধিপত্য দেখায় ব্রাইটন ও হোভ অ্যালবিয়ন। বিপরীতে আর্সেনাল মাত্র ৪টি শট নেয়, যার দুটি ছিল লক্ষ্যে।

শুরুর দিকেই বড় ভুল করে বসেছিলেন গোলরক্ষক ডেভিড রায়া। সতীর্থকে পাস দিতে গিয়ে বল তুলে দেন প্রতিপক্ষের পায়ে। ফাঁকা গোল লক্ষ্য করে নেওয়া শটটি শেষ মুহূর্তে গোললাইন থেকে ফিরিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহেস। যা না হলে ম্যাচের গল্প ভিন্নও হতে পারত।

বিরতির পরও চাপে ছিল আর্সেনাল। সমতায় ফেরার মরিয়া চেষ্টায় ব্রাইটন একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত জাল খুঁজে পায়নি। এই জয়ে ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও মজবুত করল আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে দুইয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here