ভারতে হোলি উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে দুই দেশের মাঝে আমদানি ও রপ্তানি কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক আছে। বুধবার সকাল থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, হোলি উৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে আজ বুধবার ভারত স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামীকাল ৫ মার্চ থেকে পুনরায় যথারীতি কার্যক্রম শুরু হবে।
বাংলা হিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বলেন, ‘ভারতে হোলি উৎসব উপলক্ষে আমদানি বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের লোড ও আনলোডসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দুই দেশের যেকোনা উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে।
উল্লেখ্য, সপ্তাহের ৭ দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারত যাতায়াত করেন। ফলে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপার্টধারী যাত্রী পারাপারের কোনো সম্পর্ক নেই।

