মাইলস্টোন দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে : এ্যানি

0
মাইলস্টোন দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে : এ্যানি

মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ‘অপরাজনীতি’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গত ১৫-১৬ বছরে যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত ছিল, তারা এখন আবার নতুন করে অপরাজনীতি শুরু করেছে। তাদের ষড়যন্ত্র থেমে নেই।

তিনি বলেন, দুর্ঘটনার পরদিনই সচিবালয়সহ মাইলস্টোন কলেজের সামনে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক স্লোগান দিয়ে মিছিল করা হয়েছে। এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুনভাবে গঠনের আহ্বান জানান।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এমন জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের কোনো যৌক্তিকতা নেই। তিনি দুর্ঘটনার পেছনের কারণ ও প্রশিক্ষণের যৌক্তিকতা খতিয়ে দেখতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এ সময় জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মোমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, সদস্য সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লাকচি, যুবদলের সভাপতি শামীম মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here