বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে গোল করে চলেছেন হ্যারি কেইন। এবার ইতিহাসে ৯৫ বছরের আদি রেকর্ড ভেঙেছেন তিনি। ১৯৩১ সালের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে শীর্ষ স্তরের কোনো ক্লাবের হয়ে এক মৌসুমে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন কেইন। তিনি এমন এক গতিতে এই গোলগুলো করেছেন, যা ক্রিস্তিয়ানো রোনালদোও তার পুরো ক্যারিয়ারে মাত্র একবারই করে দেখাতে পেরেছিলেন।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বাভারিয়ানদের নাটকীয় ৪–৩ ব্যবধানের জয়ের ম্যাচে কেইন ৫০ গোলের দেখা পান। বুন্দেসলিগা, ডিএফবি পকাল, ডিএফএল সুপার কাপ এবং ইউরোপের শীর্ষ প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৪২ ম্যাচ খেলেই তিনি এই ‘হাফ-সেঞ্চুরি’ পূর্ণ করেন।
ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনি দুইবার সর্বোচ্চ ৩৪টি করে গোল করতে পেরেছিলেন। এটিই প্রমাণ করে যে, বড় কোনো লিগে খেলে এক মৌসুমে ৫০ গোল করা কতটা কঠিন সাধ্য।
ফুটবল ইতিহাসে এক মৌসুমে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করা ইংলিশ খেলোয়াড়দের সংখ্যা অতি নগণ্য। তালিকার শীর্ষে রয়েছেন এভারটনের কিংবদন্তি ডিক্সি ডিন। ১৯২৭-২৮ মৌসুমে অবিশ্বাস্যভাবে ৬৩টি গোল করেছিলেন তিনি। এরপর ১৯২৯-৩০ মৌসুমে ওয়েস্ট হ্যামের ভিক ওয়াটসন এবং ১৯৩০-৩১ মৌসুমে অ্যাস্টন ভিলার টম ওয়ারিং ঠিক ৫০টি করে গোল করে এই অভিজাত ক্লাবে নাম লিখেয়েছেন। দীর্ঘ ৯৫ বছর পর এই তালিকায় চতুর্থ খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন কেইন।

