৯০ শতাংশ আয় হারিয়ে ট্রাম্পের নীতিকে দুষলেন এমিজয়ী অভিনেত্রী

0
৯০ শতাংশ আয় হারিয়ে ট্রাম্পের নীতিকে দুষলেন এমিজয়ী অভিনেত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ‘জেন্ডার আইডেন্টিটি’ এবং ‘ডিইআই’ (বৈচিত্র্য, ইক্যুইটি ও অন্তর্ভুক্তি) সংক্রান্ত নীতির কারণে গত কয়েক বছরে নিজের আয়ের প্রায় ৯০ শতাংশ হারিয়েছেন বলে দাবি করেছেন জনপ্রিয় ট্রান্সজেন্ডার অভিনেত্রী লাভের্ন কক্স। 

সম্প্রতি নিজের নতুন বই ‘ট্রান্সেন্ডেন্ট: আ মেমোয়ার’-এর প্রচারণায় অংশ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক তথ্য জানান। ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ খ্যাত এই এমিজয়ী তারকা উল্লেখ করেন, নতুন এই রাজনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে তার বক্তব্য দেওয়ার চুক্তি যেমন বাতিল হয়েছে, তেমনি থমকে গেছে তার শিক্ষকতার কাজও।

কক্সের মতে, বর্তমান ট্রাম্প প্রশাসন দেশের যেসব কলেজ বা বিশ্ববিদ্যালয় ‘জেন্ডার আইডিওলজি’ কিংবা ‘ডিইআই’ সংক্রান্ত কার্যক্রমকে সমর্থন করবে, তাদের সরকারি অনুদান বন্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। অভিনেত্রী বলেন, তিনি যদি কোনো উচ্চতর স্তরের অভিনয় বা নাট্যকলা বিষয়েও ক্লাস নেন, তবে বর্তমান আবহে সেটিকেও ‘ট্রান্স আইডিওলজি’ বা রূপান্তরকামী মতাদর্শের প্রচার হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে। এই চরম প্রতিকূল পরিস্থিতির বাস্তবতাই এখন তাকে এবং তার মতো বহু মানুষকে মোকাবিলা করতে হচ্ছে।

তবে আয়ের সিংহভাগ হারালেও নিজের চেয়ে অন্য প্রান্তিক রূপান্তরকামীদের জীবনযাত্রা নিয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছেন লাভের্ন কক্স। তিনি জানান, নিজের জন্য কোনো অভিযোগ না থাকলেও তিনি অত্যন্ত চিন্তিত যে, তার মতো বিশ্বখ্যাত ও সুবিধাপ্রাপ্ত একজন মানুষের আয় যদি এভাবে কমে যায়, তবে সাধারণ রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষদের কী করুণ দশা হবে। এই ধরনের বৈষম্যমূলক এবং রাজনৈতিক বলির পাঁঠা বানানোর নীতির কারণে সাধারণ মানুষকে প্রতিদিন বাস্তব জীবনের চরম মূল্য চোকাতে হচ্ছে।

অবশ্য ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগের প্রচারণার অংশ ‘প্রজেক্ট ২০২৫’-এর দিকে ইঙ্গিত করে কক্স জানান, ‘ডিইআই’ এবং লিঙ্গসাম্য বিরোধী এই আক্রমণগুলো মোটেও আকস্মিক ছিল না। ট্রাম্পের নির্বাচনী ইশতেহার ও এজেন্ডার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সব ধরনের আইন, সরকারি নীতি এবং নথিপত্র থেকে জেন্ডার, জেন্ডার আইডিওলজি, জেন্ডার আইডেন্টিটি, এলজিবিটিকিউ, ডিইআই, গর্ভপাত এবং জন্মনিয়ন্ত্রণের মতো শব্দগুলোকে পুরোপুরি ছেঁটে ফেলার স্পষ্ট লক্ষ্য ছিল এই প্রশাসনের।

করপোরেট বক্তৃতা ও শিক্ষকতার সুযোগ হারানোর পাশাপাশি সম্প্রতি বিনোদনভিত্তিক গণমাধ্যম ‘ই!’ (E!)-এর লালগালিচার জনপ্রিয় অনুষ্ঠান ‘লাইভ ফ্রম দ্য রেড কার্পেট’-এর উপস্থাপক হিসেবে নিজের তিন বছরের যাত্রার ইতি টেনেছেন কক্স। গত বছরের জানুয়ারি মাসে গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানের ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি এই শো ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘ তিন বছর বিশ্বের সেরা সব তারকা ও শিল্পীদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একজন অভিনেত্রী, উপস্থাপক ও বক্তা হিসেবে নতুন সুযোগের সন্ধানে নিজের পথচলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

উল্লেখ্য, আয়ের দিক থেকে ধাক্কা খেলেও গত এপ্রিল মাসে অ্যাপল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া জোনাহ হিলের বহুল আলোচিত কমেডি চলচ্চিত্র ‘আউটকাম’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লাভের্ন কক্স।

সূত্র: ভ্যারাইটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here