অনন্য অর্জন থেকে কেবল ১১ রান দূরে ছিলেন ভিরাট কোহলি। দায়িত্বশীল ব্যাটিংয়ে পাওয়ার প্লের শেষ বলে হাতে ধরা দিল ওই অর্জন। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে নয় হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতের এই ব্যাটিং গ্রেট।
পরের ওভারে অবশ্য তিন বলের মধ্যে দুটি ছক্কা মেরে নিজের মতো করেই ম্যাচের সমাপ্তি টানেন রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু ওপেনার। ১৫ বলে দুই ছক্কা ও এক চারে তিনি অপরাজিত থাকেন ২৩ রানে। একপেশে ম্যাচে সোমবার (২৭ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসকে ৯ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। ৭৬ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ৮১ বল বাকি থাকতে।
বোলারদের রাঙিয়ে রাখা দিনে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন আইপিএল ক্যারিয়ারের পুরোটাই রেঙ্গালুরুতে খেলা কোহলি। ২৭৫ ইনিংসে আট সেঞ্চুরি ও ৬৬ ফিফটিতে আইপিএলে কোহলির রান ৯ হাজার ১২। সর্বোচ্চ অপরাজিত ১১৩। স্ট্রাইক রেট ১৩৩.৮০ ও গড় ৪০.০৫।
প্রসঙ্গত, ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে আট হাজার রানও নেই আর কারো। সাত হাজার আর করতে পেরেছেন কেবল রোহিত শার্মা (৭ হাজার ১৮৩)।

