৭ গোল খাওয়ার ম্যাচে বিশ্ব রেকর্ড গড়লেন কুরাসাওয়ের কোচ

0
৭ গোল খাওয়ার ম্যাচে বিশ্ব রেকর্ড গড়লেন কুরাসাওয়ের কোচ

২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই একের পর এক বদলেছে একটি বিশেষ রেকর্ড। আর সেই রেকর্ডের সর্বশেষ মালিক হলেন কুরাসাওয়ের কোচ ডিক আটফোকাট।

জার্মানির বিপক্ষে কুরাসাওয়ের প্রথম ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী কোচের রেকর্ড গড়েছেন এই ডাচ কোচ। রোববার ম্যাচের দিন আটফোকাটের বয়স ছিল ৭৮ বছর ২৬০ দিন।

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই অবশ্য রেকর্ডটি নতুন করে লেখা হয়েছিল। মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ডাগআউটে দাঁড়িয়ে ৭৪ বছর বয়সে আগের রেকর্ড ভেঙেছিলেন উগো ব্রুশ।

তবে সেই রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক ঘণ্টা পর চেক প্রজাতন্ত্রের কোচ মিরোস্লাভ কৌবেক বয়সের হিসাবে ব্রুশকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন। ব্রুশের জন্ম ১৯৫২ সালের ১০ এপ্রিল, আর কৌবেকের জন্ম ১৯৫১ সালের ১ সেপ্টেম্বর।

কিন্তু তাদের দুজনকেই অনেকটা ব্যবধানে পেছনে ফেলেছেন আটফোকাট। ১৯৪৭ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই অভিজ্ঞ কোচ বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসে।

আটফোকাটের অধীনেই বিশ্ব ফুটবলে রূপকথার গল্প লিখেছে কুরাসাও। মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি তার কোচিংয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। বিশ্বকাপের মঞ্চে জার্মানির মতো চারবারের চ্যাম্পিয়নের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে সেই যাত্রা পূর্ণতা পায়। যদিও প্রথম ম্যাচেই ৭-১ গোলের ব্যবধানে হেরেছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here