মিরপুর টেস্টের শেষ দিনের শেষ সেশনে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ। মাত্র ৬ বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে বড় চাপে ফেলেছেন স্বাগতিক বোলাররা।
৩৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১২২ রান। জয়ের জন্য তাদের এখনও প্রয়োজন ১৪৬ রান। অন্যদিকে বাংলাদেশের দরকার আর ৫ উইকেট।
দীর্ঘ সময় একপ্রান্ত আগলে রেখে পাকিস্তানকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন আব্দুল্লাহ ফজল। ধৈর্যশীল ব্যাটিংয়ে ১১৩ বলে ৬৬ রান করেন এই বাঁহাতি ব্যাটার। তবে শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
ইনিংসের ৩২তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন ফজল। মাঠের আম্পায়ার আঙুল না তুললেও রিভিউ নেয় বাংলাদেশ। পরে রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পে আঘাত করেছে, ফলে আউট হয়ে সাজঘরে ফেরে ফজল। এর মধ্য দিয়ে সালমান আগা ও ফজলের গুরুত্বপূর্ণ ৫১ রানের জুটিও ভেঙে যায়।
ফজলের বিদায়ের ধাক্কা সামলানোর আগেই আরও বড় আঘাত হানে বাংলাদেশ। পরের ওভারের চতুর্থ বলে তাসকিন আহমেদের গতির সামনে টিকতে পারেননি সালমান আগা। উইকেটের পেছনে সাদমানের হাতে ক্যাচ দিয়ে ২৬ রান করে ফেরেন তিনি।
মাত্র ৬ বলের মধ্যে দুই সেট ব্যাটারকে হারিয়ে ম্যাচে অনেকটাই পিছিয়ে পড়েছে পাকিস্তান। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন সৌদ শাকিল। এখন শেষ সেশনে বাংলাদেশের লক্ষ্য দ্রুত বাকি উইকেটগুলো তুলে নেওয়া।

