টি-টোয়েন্টি ক্রিকেটে ১২০ বলের ইনিংসে ৩০০ রান ছোঁয়া এখনো যেখানে বড় দলগুলোর কাছে স্বপ্ন, সেখানে এক অনন্য ইতিহাস গড়েছে নেপাল। আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বের একমাত্র দল হিসেবে একাধিকবার ৩০০ বা তার বেশি রান করার অনন্য বিশ্বরেকর্ড গড়েছে তারা।
প্রথমবার এই কীর্তি আসে ২০২৩ সালের সেপ্টেম্বরে, মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান তোলে নেপাল। এরপর চলতি বছরের (২০২৬) মে মাসে চীনের বিপক্ষে আবারও ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৩১৩ রান সংগ্রহ করে দলটি। এর মাধ্যমে বিশ্বের প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার ৩০০ রানের গণ্ডি পেরোনোর গৌরব অর্জন করল আইসিসির এই সহযোগী সদস্য দেশ।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৩০০ বা তার বেশি রান করেছে মোট ছয়টি দল। নেপাল ছাড়াও এই তালিকায় আছে ইংল্যান্ড, জিম্বাবুয়ে, জার্মানি এবং ভারতের ঘরোয়া দল বারোডা ও পাঞ্জাব। তবে একাধিকবার এই কীর্তি নেই আর কারও।
উল্লেখ্য, এই ফরম্যাটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি ভারতের ঘরোয়া দল বারোডার (৩৪৯ রান)। অন্যদিকে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২১৫ রান।

