ফিফা বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। এই ট্রফি জেতা প্রতিটি ফুটবলারের স্বপ্ন হলেও অল্প বয়সে তা অর্জন করা খুবই বিরল। তবে সময়ের ধারায় কিছু অসাধারণ প্রতিভাবান ফুটবলার ২০ বছর পূর্ণ হওয়ার আগেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে অনন্য কীর্তি গড়েছেন।
এই তালিকার শীর্ষে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। মাত্র ১৭ বছর ২৪৯ দিন বয়সে ১৯৫৮ বিশ্বকাপ জিতে তিনি এখনো সবচেয়ে কম বয়সী বিশ্বকাপজয়ী ফুটবলার। সেই আসরে ৬ গোল, যার মধ্যে ফাইনালে ছিল জোড়া গোল।
দ্বিতীয় স্থানে আছেন আরেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো। ১৯৯৪ বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৭ বছর ২৯৮ দিন। যদিও তিনি মাঠে নামেননি, তবুও বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।
তৃতীয় স্থানে আছেন ইতালির জিউসেপ্পে বার্গোমি, তিনি ১৯৮২ বিশ্বকাপ জয়ের সময় ছিলেন ১৮ বছর ১৭৪ দিনের। ফাইনালসহ তিনটি ম্যাচে খেলেছিলেন তিনি।
চতুর্থ স্থানে ব্রাজিলের কুটিনহো, তিনি ১৯৬২ সালে ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ জেতেন। ফাইনালে না খেললেও পুরো টুর্নামেন্টে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
পঞ্চম স্থানে আছেন ব্রাজিলের মারকো আন্তোনিও। ১৯৭০ সালে ১৯ বছর ১৩৫ দিন বয়সে বিশ্বকাপ জয়ের সময় তিনি দুটি ম্যাচ খেলেছিলেন।
এই তালিকার সর্বশেষ বড় নাম কিলিয়ান এমবাপে। ২০১৮ বিশ্বকাপে ১৯ বছর ২০৭ দিন বয়সে ফ্রান্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পুরো টুর্নামেন্টে ৪ গোলের মধ্যে ফাইনালেও ছিল একটি গোল।
এছাড়া তালিকায় আছেন ব্রাজিলের মাজোলা (১৯ বছর ৩০৯ দিন) এবং উরুগুয়ের রুবেন মোরান (১৯ বছর ৩৪৪ দিন)। মাজোলা ১৯৫৮ সালে পেলের সঙ্গে ব্রাজিল দলের অংশ ছিলেন, আর মোরান ১৯৫০ সালে উরুগুয়ের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

