কুড়িগ্রামে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। তিন সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ শিশুকে টিকা দেওয়া হবে।
এর মধ্যে ছেলে শিশু ১ লাখ ৩৬ হাজার ৭০৭ জন এবং মেয়ে শিশু ১ লাখ ৩৪ হাজার ৯৯২ জন। টিকাদান কার্যক্রম জেলার ১০টি স্থায়ী ও ১ হাজার ৮৫০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে।
রবিবার (১৯ এপ্রিল) বিকালে সিভিল সার্জন অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস। কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. রাফি আরাবি।
বক্তারা বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে অভিভাবকদের সচেতন হতে হবে এবং নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

