২০২৬ সালে বাংলাদেশসহ যে ৪২ দেশে নির্বাচন

0
২০২৬ সালে বাংলাদেশসহ যে ৪২ দেশে নির্বাচন

বিগত কয়েক বছরে বিভিন্ন দেশে গণঅভ্যুত্থানের ঘটনা ঘটেছে। জেন-জি আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হয়েছে অনেক দেশের শাসকরা। তবে ২০২৬ সালে আধুনিক বিশ্বের ক্ষমতার পালাবদলের অন্যতম শক্তিশালী উপায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্ন দেশে। এ বছর বিশ্বজুড়ে ৪০টিরও বেশি দেশে সাধারণ, প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মাধ্যমে বিশ্বের প্রায় ১৬০ কোটি মানুষের ভবিষ্যৎ শাসনব্যবস্থা নির্ধারিত হবে। এই নির্বাচনগুলো বৈশ্বিক জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশকে সরাসরি প্রভাবিত করবে।

বিশ্লেষকদের মতে, এসব নির্বাচনের ফলাফল শুধু অভ্যন্তরীণ নীতিনির্ধারণেই নয় বরং অর্থনৈতিক কৌশল, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক জোট-কূটনীতিতেও গভীর প্রভাব ফেলবে।

নিচে মাসভিত্তিক গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর তালিকা ও রাজনৈতিক তাৎপর্য তুলে ধরা হলো।

জানুয়ারি

মিয়ানমার: দেশটিতে দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি। আর তৃতীয় ধাপ হবে ২৫ জানুয়ারি। গত ২৮ ডিসেম্বর দেশটিতে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়।

উগান্ডা: দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৫ তারিখ।

পর্তুগাল: আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন।

ফেব্রুয়ারি

কোস্টা রিকা: দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।

থাইল্যান্ড: ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে থাই সাধারণ নির্বাচন।

বাংলাদেশ: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় দেশটিতে। এরপর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেত্বত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

লাওস: দেশটির সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি।

মার্চ

নেপাল: ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশটিতে জেন-জি বিক্ষোভের জেরে গণ-অভ্যুত্থান ঘটে। সেই আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতন হয়। এরপর সেখানেও গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার ঘোষণা দেয়, আগামী ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ভিয়েতনাম: দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ।

স্লোভেনিয়া: ইউরোপের দেশটিতে সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে ২২ মার্চ। 

কঙ্গো প্রজাতন্ত্র: আফ্রিকার দেশটিতে আগামী ২২ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এপ্রিল

বেনিন: এ দেশের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ এপ্রিল। 

হাঙ্গেরি: ইউরোপের দেশ হাঙ্গেরির সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১২ এপ্রিল। এই নির্বাচন হাঙ্গেরির ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ২০১০ সালের পর সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে।

পেরু: লাতিন আমেরিকার দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ এপ্রিল।

লিবিয়া: গৃহযুদ্ধে থাকা দেশটিতে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন এপ্রিল মাসে হবার কথা। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তারিখ নির্ধারিত হয়নি। 

কেপ ভার্দে: আফ্রিকার দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দেতে এপ্রিলে নির্বাচন হতে পারে।

জিবুতি: আফ্রিকার শিং-খ্যাত দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন আগামী এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

মে

সাইপ্রাস: পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে।

কলম্বিয়া: দেশটিতে আগামী ৩১ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো পুনর্নির্বাচনে অংশ নিতে পারবেন না।

ক্যামেরুন: মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে সংসদ নির্বাচন আগামী মে মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। 

লেবানন: মধ্যপ্রাচ্যের দেশ লেবাননেও আগামী মে মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। এই নির্বাচনে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রাজনৈতিক ভূমিকা ও নিরস্ত্রীকরণ ইস্যু কেন্দ্রবিন্দুতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

জুন

ইথিওপিয়া: পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় আগামী ১ জুন অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।

আর্মেনিয়া: পশ্চিম এশিয়ার স্থলবেষ্টিত দেশ আর্মেনিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন।

আলজেরিয়া: ফরাসি উপনিবেশ থেকে স্বাধীনতা পাওয়া উত্তর আফ্রিকার দেশটিতে সংসদ নির্বাচন জুনের মধ্যে হতে পারে।

জুলাই

ফিজি: ওশেনিয়ার দেশ ফিজিতে সাধারণ নির্বাচন ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে হবে অনুষ্ঠিত হতে পারে।

আগস্ট

জাম্বিয়া: আফ্রিকার দেশ জাম্বিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট।

হাইতি: ক্যারিবিয়ান দেশ হাইতিতে আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।

সেপ্টেম্বর

সুইডেন: ইউরোপের দেশটিতে আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।

সাও টোমে ও প্রিন্সিপে: মধ্য আফ্রিকার দেশটিতে আগামী সেপ্টেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মরক্কো: উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও আগামী সেপ্টেম্বরে তা অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়া: বিশ্বের অন্যতম পরাশক্তি দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর মাসে।

অক্টোবর

লাটভিয়া: ইউরোপের দেশ লাটভিয়ায় চলতি বছরে ৩ অক্টোবর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্রাজিল: লাতিন আমেরিকার দেশটিতে সাধারণ নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে চলতি বছরের ৪ অক্টোবর। ব্রাজিলে অর্থনৈতিক অনিশ্চয়তা, অপরাধ বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইসরায়েল: মধ্যপ্রাচ্যের অবৈধ দখলদার এ ভূখণ্ডের সংসদ নির্বাচনের তারিখ চলতি বছরের ২৭ অক্টোবর নির্ধারণ করা হলেও তা আগাম অনুষ্ঠিত হতে পারে।

ডেনমার্ক: ইউরোপের দেশটিতে ৩১ অক্টোবরের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বসনিয়া ও হার্জেগোভিনা: বলকান রাষ্ট্র বসনিয়া ও হার্জেগোভিনায় রিপোর্ট লেখা পর্যন্ত সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও আগামী অক্টোবর মাসে হবে তা অনুষ্ঠিত হতে পারে।

বাহামাস: ক্যারিবিয়ান রাষ্ট্র বাহামাসে অক্টোবরের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

নভেম্বর

যুক্তরাষ্ট্র: বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ৩ নভেম্বর। এই নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনে ভোট হবে, যা কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্ষমতার ওপর বড় প্রভাব ফেলবে।

বুলগেরিয়া: বলকান রাষ্ট্র বুলগেরিয়ায় চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন।

ডিসেম্বর

গাম্বিয়া: আফ্রিকার দেশ গাম্বিয়ায় চলতি বছরের ৫ ডিসেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

নিউজিল্যান্ড: দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে চলতি বছরের ১৯ ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

দক্ষিণ সুদান: দেশটিতে সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ চলতি বছরের ২২ ডিসেম্বর। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here