ব্যাংকের সুদহার বড় সমস্যা। দুই-তিন বছর আগেও আমরা যখন প্রজেক্ট নিয়েছি, তখনও ব্যাংকের সুদহার ছিল ৮ থেকে ৯ শতাংশ। এখন সেই সুদ ১৪ শতাংশে পৌঁছেছে-এতো সুদহার দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না। এটাই বাস্তবতা বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন।
গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাজধানীর তেজগাঁওয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উদ্যোগে আয়োজিত ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি বলেন, আমরা ব্যবসায়ীরা কঠিন সময় অতিক্রম করছি। আমার মনে হয় বিগত দুই দশকেও এই অবস্থা ছিল না।
মীর নাসির হোসেন আরও বলেন, ব্যাংকের সুদের হার, আমরা যখন তিন থেকে চার বছর আগে প্রজেক্ট নিয়েছিলাম তখন আট থেকে নয় শতাংশ ছিল। এখন সেটি ১৪ শতাংশের কাছাকাছি, কোনো কোনো ক্ষেত্রে বেশি। এতো সুদ দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না, এটাই বাস্তবতা।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার কথা সামনে রেখে উপস্থিত প্যানেল অতিথিরা তুলে ধরেন তাদের ভাবনা।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে মীর নাসির হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পকিল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য (সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করীম, জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম, এবিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও বিটিএমইএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ বিশেষজ্ঞ আলোচকরা।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।

