হোয়াটসঅ্যাপে ‘স্ট্যাটাস আর্কাইভ’ সুবিধা, সংরক্ষণ করা যাবে পুরনো স্ট্যাটাস

0
হোয়াটসঅ্যাপে ‘স্ট্যাটাস আর্কাইভ’ সুবিধা, সংরক্ষণ করা যাবে পুরনো স্ট্যাটাস

জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা আনছে। এতদিন স্ট্যাটাস প্রকাশের ২৪ ঘণ্টা পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যেত। তবে নতুন ‘স্ট্যাটাস আর্কাইভ’ সুবিধার মাধ্যমে এখন থেকে পুরনো স্ট্যাটাস ব্যক্তিগতভাবে সংরক্ষণ করে রাখা যাবে।

নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীরা তাদের শেয়ার করা পুরোনো ছবি, ভিডিও ও অন্যান্য স্ট্যাটাস সহজেই খুঁজে দেখতে এবং প্রয়োজন হলে পুনরায় শেয়ার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, স্ট্যাটাসগুলো আগের মতোই ২৪ ঘণ্টা পর সাধারণ দর্শনের জন্য অদৃশ্য হয়ে যাবে। তবে সেগুলো স্থায়ীভাবে মুছে না গিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত আর্কাইভে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। এ জন্য আলাদাভাবে কোনো কিছু সংরক্ষণ করার প্রয়োজন হবে না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আর্কাইভ সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। সংরক্ষিত স্ট্যাটাস কেবল সংশ্লিষ্ট ব্যবহারকারীই দেখতে পারবেন। অন্য কেউ এ তথ্য দেখার সুযোগ পাবেন না।

বর্তমানে অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছে। এটি ব্যবহার করতে সেটিংস থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনে গিয়ে ‘স্ট্যাটাস আর্কাইভ’ সুবিধা সক্রিয় করতে হবে। এরপর ‘আপডেটস’ ট্যাবের মেনু থেকে আর্কাইভ করা স্ট্যাটাসগুলো দেখা যাবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ফিচারটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি বিশ্বব্যাপী সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here