হোয়াটসঅ্যাপে পরিচিত কেউ অনলাইনে আছেন কি না, তা জানতে এখন তার চ্যাটবক্সে ঢুকতে হয়। তবে অনেকেই গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে নিজেদের অনলাইন উপস্থিতি লুকিয়ে রাখেন। ফলে প্রয়োজনের সময় দ্রুত যোগাযোগ করা কঠিন হয়ে পড়ে। এ সমস্যার সমাধানে নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
নতুন এই সুবিধা চালু হলে কোন কোন পরিচিত ব্যক্তি বর্তমানে অনলাইনে আছেন বা সম্প্রতি অনলাইনে ছিলেন, তা আলাদা করে চ্যাটবক্সে না ঢুকেই দেখা যাবে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফো জানিয়েছে, বর্তমানে আইফোনের পরীক্ষামূলক সংস্করণে এ সুবিধার পরীক্ষা চলছে। পরীক্ষাধীন এই ব্যবস্থায় ‘কনট্যাক্টস হাব’ নামে নতুন একটি অংশ যোগ করা হচ্ছে। এটি ব্যবহারকারীর মূল প্রোফাইল বিভাগের সঙ্গে যুক্ত থাকবে। সেখানে বর্তমানে সক্রিয় এবং সম্প্রতি অনলাইনে ছিলেন এমন ব্যক্তিদের তালিকা দেখা যাবে।
ডব্লিউআবেটাইনফোর তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা যোগ করার পাশাপাশি ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে এ উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি কবে চালু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অ্যান্ড্রয়েড সংস্করণেও এটি যুক্ত হবে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।
এদিকে, ব্যবহারকারীদের উন্নত প্রযুক্তির সুবিধা দিতে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন সেবাও চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামের এ সেবায় সাধারণ ব্যবহারকারীদের তুলনায় অতিরিক্ত কিছু প্রিমিয়াম সুবিধা পাওয়া যাবে।

