কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে মা ও দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় ১৬ দিন পেরিয়ে গেলেও এখনো রহস্য উদঘাটন হয়নি। এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার উত্তর মনিপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে এলাকাবাসী।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টার মধ্যে যেকোনো সময়ে এ হত্যাকাণ্ড ঘটে। প্রবাসী জহিরুল ইসলামের বিল্ডিংয়ের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা তার স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), চার বছরের ছেলে মো. হোসাইন এবং পাঁচ বছরের ভাতিজা মো. জোবায়েরকে গলা কেটে হত্যা করে। তিনটি আলাদা কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে পুলিশ।
সমাবেশে বক্তব্য দেন নিহতের স্বামী প্রবাসী জহিরুল ইসলাম, তার খালাতো ভাই মো. শহিদুল ইসলাম, নিহত শিশু জোবায়েরের মা লিপি আক্তার, কুস্তিগীর বাঘা শরীফ, ব্যবসায়ী রফিকুল ইসলাম ও ব্যবসায়ী মো. হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ বিষয়ে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ চন্দ্র দাস গুপ্ত বলেন, মনিপুরের ট্রিপল মার্ডার ঘটনায় এখন পর্যন্ত কোনো রহস্য উদঘাটন হয়নি। এ লক্ষ্যে হোমনা থানা পুলিশ পিবিআই, ডিবি, সিআইডি, র্যাপিড একশন ব্যাটালিয়নসহ (র্যাব), একাধিক টিম মাঠে কাজ করছে। আমরা আশা করছি খুব দ্রুত মামলার রহস্য উদঘাটন হবে।

