হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলে বিবাদ

0
হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলে বিবাদ

একসময় বিশ্ব ক্রিকেটে দাপট দেখানো পাকিস্তান এখন আর সেই অবস্থানে নেই। ইমরান খানের নেতৃত্বে এবং জাভেদ মিয়াঁদাদ, সাঈদ আনোয়ার, ইনজামাম-উল-হকের মতো ব্যাটসম্যান ও ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতারের মতো ফাস্ট বোলারদের কারণে একসময় প্রতিপক্ষের জন্য আতঙ্ক ছিল পাকিস্তান। তবে সেই স্বর্ণযুগ পেরিয়ে এখন দলটি দীর্ঘদিন ধরেই সাফল্যের খোঁজে ভুগছে।

পুরুষ দলের ধারাবাহিক ব্যর্থতার প্রভাব পড়েছে নারী ক্রিকেট দলেও। সাম্প্রতিক সময়ে সাফল্যের চেয়ে বিতর্কই যেন পাকিস্তান নারী দলের পরিচিতি হয়ে উঠেছে। ইংল্যান্ডে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও কোনো জয় পায়নি দলটি।

এর আগে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও জয়ের দেখা মেলেনি। ধারাবাহিক এই ব্যর্থতার ফলে দলের ভেতরে বাড়ছে চাপ ও অস্থিরতা, যা মাঠের বাইরের বিতর্ককেও আরও উসকে দিচ্ছে।

ব্যর্থতার ধারা চলমান থাকতেই আরও একবার অভ্যন্তরীণ বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। দলের সিনিয়র ক্রিকেটার আলিয়া রিয়াজকে ঘিরে হোটেল রুমে শৃঙ্খলাজনিত ঘটনা থেকে শুরু করে অধিনায়ক ও কোচিং স্টাফের মধ্যে মতবিরোধ।

দলীয় সূত্রে জানা গেছে, সিনিয়র সদস্য আলিয়া রিয়াজ তার হোটেল রুমে স্বামী আলী ইউনুসকে নিয়ে আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অধিনায়ক ফাতিমা সানা। তিনি বিষয়টিকে দলের শৃঙ্খলা ও প্রটোকল লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং স্বামীকে রুম থেকে বের হয়ে যেতে বলেন বলে দাবি করা হয়।

পরবর্তীতে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন নির্ধারিত অনুশীলন এড়িয়ে আলিয়া রিয়াজ স্বামীর সঙ্গে বাইরে সময় কাটান বলেও অভিযোগ রয়েছে। এতে অধিনায়কের অসন্তোষ আরও বাড়ে। ম্যাচে আলিয়াকে একাদশে না রাখার পক্ষে অবস্থান নেন ফাতিমা সানা।

তবে অধিনায়কের আপত্তি উপেক্ষা করে কোচ ও দলের মেন্টর ওয়াহাব রিয়াজ আলিয়াকে নিয়েই চূড়ান্ত একাদশ ঘোষণা করেন। ওই ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে ২৩ রানে পরাজিত করে, যেখানে আলিয়া রিয়াজ ব্যাট হাতে কোনো রান করতে পারেননি।

পরাজয়ের পর অধিনায়ক ফাতিমা সানা কোচিং স্টাফকে দায়ী করে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে কোচিং ইউনিট।

অন্যদিকে কোচের পক্ষ থেকে দাবি করা হয়েছে, খেলোয়াড়রা মাঠে পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছেন না, যার ফলে ধারাবাহিক ব্যর্থতা দেখা দিচ্ছে।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, দলের ভেতরের এই দ্বন্দ্ব ও বিভাজন নিয়ে আলোচনা চলছে ক্রিকেট মহলে।

গত কয়েক বছরে একাধিকবার কোচ পরিবর্তন করেও সাফল্যের দেখা পায়নি পাকিস্তান নারী দল। চলমান ব্যর্থতার সঙ্গে নতুন করে যুক্ত হওয়া এই বিতর্ক দলটির সংকট আরও গভীর করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here