বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ প্রক্রিয়ায় সংক্ষিপ্ত তালিকা নেমে এসেছে ১০ জনে। চার বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর স্পেনের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি শেষ হওয়ায় নতুন কোচ খুঁজছে বাফুফে। এ লক্ষ্যে সোমবার জাতীয় দল কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ফর্টিজে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সভা শেষে বাফুফের গণমাধ্যম কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের জানান, বিশেষ কমিটির দেওয়া প্রাথমিক তালিকা থেকে আরও বাছাই করে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে নতুন কোচের বিষয়টি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।
তবে এই প্রক্রিয়া মে মাসের মাঝামাঝি পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময়ের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের সঙ্গে অনলাইনে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। তালিকায় ব্রাজিল ও জার্মানির কোচরাও রয়েছেন। বেতন, সুযোগ-সুবিধাসহ অন্যান্য বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে।
জাতীয় দলের জন্য প্রধান কোচের পাশাপাশি গোলরক্ষক কোচ নিয়োগের জন্যও আবেদন আহ্বান করা হয়েছিল। সেই তালিকাও ১০ জনে নেমে এসেছে। তবে বাফুফে আগে প্রধান কোচ নিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে। নতুন প্রধান কোচ চাইলে তার পছন্দ অনুযায়ী গোলরক্ষক ও ফিটনেস কোচ নিয়োগের বিষয়েও আলোচনা করা হবে।
এদিকে আগামী ৫ জুন সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। একই সময়ে মালদ্বীপে চার জাতির একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথমে সেখানে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর পরিকল্পনা থাকলেও মালদ্বীপের অনুরোধে বাফুফে জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দুই জায়গায় একসঙ্গে ম্যাচ হলেও আন্তর্জাতিক ফুটবল সংস্থার আনুষ্ঠানিক স্বীকৃতি থাকবে সান মারিনোর ম্যাচটিতেই, যেখানে হামজা ও সামিতরা অংশ নেবেন।

