হাতিরঝিলে ‘ঢাকা ২৫কে’ ম্যারাথন অনুষ্ঠিত

0
হাতিরঝিলে ‘ঢাকা ২৫কে’ ম্যারাথন অনুষ্ঠিত

রাজধানীর হাতিরঝিলে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ রানিং ইভেন্ট ‘টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে’। আজ শুক্রবার ভোর ৪ টায় শুরু হওয়া এই আয়োজনে অংশ নেন ১৭টি দেশের প্রায় তিন হাজার রানার। ২৫ কিলোমিটার, ১০.৩ কিলোমিটার এবং ৩ কিলোমিটার—তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি।

স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘রান বাংলাদেশ’-এর উদ্যোগে ও টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের একটি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ইভেন্টের মাধ্যমে দেশের রানিং কমিউনিটিকে আরও শক্তিশালী করা, নাগরিকদের স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

‘টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে’ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একটি রানিং ইভেন্ট। বিশ্বব্যাপী ম্যারাথন আয়োজনের মান নিয়ন্ত্রণ ও অনুমোদনকারী সংস্থা AIMS (Association of International Marathons and Distance Races)-এর সদস্যপদ অর্জন করেছে এটি।

প্রতিযোগিতায় ২৫ কিলোমিটার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মামুন আহম্মেদ। এই বিভাগে দ্বিতীয় হয়েছেন ইমরান হাসান এবং তৃতীয় হয়েছেন কে এম সাজিদুল ইসলাম।

নারী ২৫ কিলোমিটার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন হামিদা আক্তার জেবা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে নুসরাত জাহান এবং সায়তো রক্ষিত।

১০.৩ কিলোমিটার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পলাশ শেখ, ২য় মো. আনোয়ার ও ৩য় আশরাফুল আলম। নারী ১০.৩ কিলোমিটার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন পারুল দাস, ২য় খাদিজা চৌধুরী, ৩য় আয়েশা নায়ার। 

শিশুদের ৩ কিলোমিটার বিভাগেও ছিল ব্যাপক অংশগ্রহণ। ছেলে শিশু বিভাগে অভি ইসলাম চ্যাম্পিয়ন হয়েছে। এই বিভাগে ইমতিয়াজ ও ফারাবী যথাক্রমে ২য় ও ৩য় হয়েছে।

মেয়ে শিশু ৩ কিলোমিটার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সামিহা, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে নূর ওয়াফিয়া ও সুবহানা মাহদিয়া। 

ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুরাগ অ্যাক্টিভের স্ট্রাটেজিক অ্যাডভাইজর মোহাম্মদ নাঈম আখতার, টুরাগ অ্যাক্টিভের চিফ অপারেটিং অফিসার আহম্মদ মনসুর রউফ, ঢাকা ২৫কের রেস ডিরেক্টর এবং রান বাংলাদেশের সিইও সাজনান মোহাম্মদসহ রানিংপ্রেমী সংস্থার প্রতিনিধিরা। এ সময় তাঁরা বিজয়ী ও অংশগ্রহণকারী রানারদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে টুরাগ অ্যাক্টিভের স্ট্রাটেজিক অ্যাডভাইজর মোহাম্মদ নাঈম আখতার বলেন, ‘ম্যারাথন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি মানুষের ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং সুস্থ জীবনযাপনের প্রতীক। একটি দেশের ক্রীড়া সংস্কৃতি শক্তিশালী করতে নিয়মিত এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here