হাওরের ধান কাটা শেষের পথে, ক্ষতিগ্রস্ত এক-চতুর্থাংশ ফসল

0
হাওরের ধান কাটা শেষের পথে, ক্ষতিগ্রস্ত এক-চতুর্থাংশ ফসল

নেত্রকোনার হাওরাঞ্চলে বোরো ধান কাটা প্রায় শেষের দিকে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবারের মোট আবাদে চারভাগের একভাগ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয় কৃষকদের মতে ক্ষতির পরিমাণ আরও বেশি। সোমবার (১১ মে) পর্যন্ত হাওরের প্রায় সব ধান কাটা শেষ হয়েছে, এখনো মাত্র প্রায় ৫০ হেক্টর জমির ধান কাটার কাজ বাকি রয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় মোট ৪১ হাজার ৬৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। এর মধ্যে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ১১ হাজার ২৩০ হেক্টর জমি পানিতে ডুবে যায়। পরে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হাজার ৭৮৭ হেক্টর বোরো ধান।

এ বছর বন্যা না হলেও জেলার হাওরাঞ্চলসহ প্রায় ৮টি উপজেলায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতায় মোট ১৮ হাজার ৭৪৮ হেক্টর জমি তলিয়ে যায়। এর মধ্যে ১৬ হাজার ৮৭৭ হেক্টর বোরো ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়। হাওর এলাকায় একাই ১০ হাজার ৭৮৭ হেক্টর ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট হাওর আবাদে প্রায় চারভাগের একভাগের সমান।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আমিরুল ইসলাম জানান, সোমবার পর্যন্ত জেলায় মোট ৫৪.৪১ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। হাওর এলাকায় ধান কাটা হয়েছে ৭৩.৭৬ শতাংশ। সেখানে এখনো প্রায় ৫০ হেক্টর জমির ধান কাটার কাজ বাকি রয়েছে, যা আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দুই-এক দিনের মধ্যে শেষ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, জেলার কৃষকদের ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণের কাজ চলছে। এ বছর জেলায় মোট ১ লাখ ৮৫ হাজার ৫৪৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here