হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে আইআরজিসির হুঁশিয়ারি

0
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে আইআরজিসির হুঁশিয়ারি

হরমুজ প্রণালি দিয়ে ইরান অনুমোদিত পথেই জাহাজ চলাচল করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (২৬ জুন) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহের পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কেবল তেহরান-নির্ধারিত পথই ব্যবহার করতে হবে।

এতে বলা হয়েছে, এই অঞ্চলে একমাত্র যে আইনটি কার্যকর, তা হলো ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রেভল্যুশনারি গার্ডসের নৌবাহিনীর আইন। এদিকে আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তার মুখে হরমুজ প্রণালী থেকে তিনটি তেলবাহী ট্যাঙ্কার ফিরে যেতে বাধ্য হয়েছে।

 

এছাড়াও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে সমন্বয় ছাড়া এই প্রণালী দিয়ে নিরাপদ নৌ-চলাচলের নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। জাহাজ চলাচলের তথ্য-উপাত্ত (ট্র্যাকিং ডেটা) থেকে দেখা যায়, সমুদ্রপথে যান চলাচল যুদ্ধের আগের তুলনায় অনেক কম পর্যায়ে রয়েছে। সপ্তাহের শুরুর দিকের তুলনায় শুক্রবার এই প্রণালী দিয়ে কম সংখ্যক জাহাজ চলাচল করেছে। এর কয়েক ঘণ্টা আগেই ওমান উপকূলের কাছে তাইওয়ানের পরিচালনায় থাকা একটি জাহাজে গোলাবর্ষণের ঘটনা ঘটেছিল। এই ঘটনার জেরে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) উপসাগরীয় অঞ্চলে আটকা পড়া ১১ হাজারেরও বেশি নাবিকের জন্য তাদের স্বেচ্ছায় সরে আসার কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে।

লএসইজি, মেরিনট্রাফিক এবং কেপলার-এর ট্র্যাকিং ডেটা অনুযায়ী, অপরিশোধিত তেল সংগ্রহের উদ্দেশ্যে অন্তত চারটি তেলবাহী ট্যাঙ্কার—যার মধ্যে তিনটি অত্যন্ত বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ বা ভিএলসিসি অন্তর্ভুক্ত—উপসাগরীয় এলাকায় প্রবেশ করেছে। এছাড়া আরও দুটি সুপারট্যাঙ্কার ইরানি তেল সংগ্রহের জন্য প্রণালীতে প্রবেশ করে এবং প্রায় ২০ লাখ ব্যারেল তেলবাহী আরেকটি জাহাজ ওমান উপকূল হয়ে বেরিয়ে যায়।

কেপলারের তথ্যমতে, শুক্রবার উভয় দিক মিলিয়ে মোট ১৩টি ট্যাঙ্কার চলাচল করেছে। যেখানে গতকাল এই সংখ্যা ছিল ২৪ এবং বুধবার ছিল ২৭। সংঘাত শুরুর আগে এই জলপথে দৈনিক গড়ে প্রায় ১২৫টি জাহাজের চলাচল ছিল। এএক্সএসমেরিন-এর পৃথক পরিসংখ্যানে দেখা যায়, ২৪ জুন ড্রাই বাল্ক ক্যারিয়ারসহ মোট জাহাজ চলাচলের সংখ্যা ছিল ৬২টি। ইরানের সঙ্গে যুদ্ধের পর থেকে সর্বোচ্চ দৈনিক সংখ্যা হলেও, গত বছরের একই দিনে রেকর্ড করা সংখ্যার তুলনায় তা মাত্র ৫৩ শতাংশ।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, ‘অনুমতি ছাড়া’ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টাকারী অন্তত তিনটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার আইআরজিসি-র সতর্কবার্তার পর ফিরে যেতে বাধ্য হয়েছে। এর আগে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ অজ্ঞাত কোনো বস্তুর(প্রজেক্টাইল) হামলার শিকার হয়। এর জের ধরে হরমুজ প্রণালীতে অবস্থানরত ১১হাজার নাবিককে উদ্ধারের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয় জাতিসংঘ।

তেহরান এই হামলার দায় স্বীকার করেনি, তবে ইরানের অনুমতি ছাড়া এই জলপথ দিয়ে চলাচলের বিরুদ্ধে একাধিকবার সতর্কবার্তা দিয়েছে।

সূত্র: আলজাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here