হজ মৌসুমকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২২ এপ্রিল প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতিহীন কোনো ভিজিট ভিসাধারীকে মক্কায় পরিবহন করলে দায়ীকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত অর্থদণ্ড গুণতে হবে।
এই কড়াকড়ি নিয়মটি গত ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং তা আগামী ৩১ মে বা ১৪ জিলহজ পর্যন্ত বলবৎ থাকবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, পবিত্র নগরী মক্কা এবং হজের অন্যান্য পবিত্র স্থানগুলোতে যারা অননুমোদিত ব্যক্তিদের পৌঁছে দেবেন, তাদের এই শাস্তির আওতায় আনা হবে। আর্থিক জরিমানার পাশাপাশি পরিবহনে ব্যবহৃত যানবাহনটিও বাজেয়াপ্ত করার জন্য বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যদি সেই গাড়িটি পরিবহনকারী ব্যক্তি বা তার কোনো সহযোগীর মালিকানাধীন হয়ে থাকে।
হজ সংক্রান্ত এই বিধিবিধান লঙ্ঘনের যেকোনো ঘটনা চোখে পড়লে মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ নম্বরে ফোন করে জানানোর আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং এই রিপোর্টের কারণে তার ওপর কোনো আইনি দায়ভার আসবে না।
সূত্র: সৌদি গেজেট

