নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে আশিক (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার শিবগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ আশিক উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশ মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক তার বড় ভাই ওমর ফারুকের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওমর ফারুক তেরি বাজার ঘাট থেকে শিবগঞ্জ বাজার ঘাট নৌপথে নৌকার মাঝি হিসেবে কাজ করেন। আশিক সোমেশ্বরী নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে স্রোতে তলিয়ে যান। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। তবে বিকেল পর্যন্ত নিখোঁজ তরুণের কোনো সন্ধান পাওয়া যায়নি।

