সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি

0
সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ থেকে ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য প্রবাসী আবুল কালামের স্ত্রী জাকিয়া বেগম। পরিবারের দাবি- ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার (৮ মে) সকালে সোনারগাঁ থানায় অভিযোগটি দায়ের করা হয়।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা জলিলের নেতৃত্বে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় মালয়েশিয়া প্রবাসী আবুল কালামের বাড়িতে যায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে।

হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা, আট ভরি স্বর্ণালঙ্কার এবং পরিবারের আরেক সদস্য সাবিয়া বেগমের আলমারিতে থাকা সাত ভরি আট আনা স্বর্ণালঙ্কার লুট করে। এছাড়া একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও একটি আইপ্যাডসহ অন্যান্য মূল্যবান সামগ্রীও নিয়ে যায় তারা।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে এই ডাকাতির ঘটনা ঘটানো হয়।

জাকিয়া বেগম বলেন, তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। এই সুযোগে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছিল। টাকা না দেওয়ায় তারা বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল নম্বর লিখে দিয়ে আপোষের জন্য যোগাযোগ করতে বলে এবং মোটা অঙ্কের টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here