চলতি বছরের সেপ্টেম্বরে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমবারের মতো জিম্বাবুয়ে সফরে যাবে দক্ষিণ আফ্রিকার নারী দল। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, বুলাওয়োর কুইন্স স্পোর্টস ক্লাবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
২০১৭ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত একটি চতুর্দেশীয় সিরিজে উভয় দল মুখোমুখি হওয়ার পর, সিনিয়র পর্যায়ে এটিই হবে তাদের প্রথম সাক্ষাৎ।
গত বছর জিম্বাবুয়ে নারী দল সর্বশেষ ঘরের মাঠে সিরিজ খেলেছিল। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে তারা সংযুক্ত আরব আমিরাত নারী দলকে আতিথ্য দিয়েছিল। এরপর জিম্বাবুয়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান সফর করেছে। এ বছরের শুরুতে নেপালে অনুষ্ঠিত বিশ্ব নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে জিম্বাবুয়ের পারফরম্যান্স হতাশাজনক ছিল। তারা আগামী মাসে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি।
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, আমরা দক্ষিণ আফ্রিকা নারী দলকে জিম্বাবুয়েতে স্বাগত জানাতে পেরে আনন্দিত, যা একটি ঐতিহাসিক ও উত্তেজনাপূর্ণ সিরিজ হবে বলে আশা করা যায়। দক্ষিণ আফ্রিকা বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল এবং এই সফরটি আমাদের খেলোয়াড়দের ঘরের মাঠে সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পরখ করে নেওয়ার এক মূল্যবান সুযোগ এনে দিয়েছে।
এই সিরিজটি নারী ক্রিকেটে বিনিয়োগ এবং আমাদের খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও সুযোগ তৈরিতে জিম্বাবুয়ে ক্রিকেটের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন বলেও জানান তিনি।
১১ সেপ্টেম্বর ১ম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩, ১৫, ১৭ সেপ্টেম্বর এবং ১৯ সেপ্টেম্বর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

