নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত তেলের মধ্যে ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে মধ্যম কাদরা এলাকায় সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম এ অভিযান পরিচালনা করে তেলগুলো জব্দ করেন।
জানা গেছে, কাদরা ইউনিয়নের ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে তার বাড়িতে তেল মজুদ করেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই বাড়িতে ড্রামের মধ্যে অবৈধভাবে মজুদ করা অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার সকালে ওই ব্যবসায়ীর বাড়ির সামনে মাইকিং করে খুচরা গ্রাহকদের কাছে তেলগুলো বিক্রি করে দেওয়া হয়েছে।

