নীলফামারী সদর উপজেলায় পুকুরে মাছ ধরার জন্য সেচ পাম্প বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) এবং পার্শ্ববর্তী কুটিপাড়া নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান (৫০)। আহত মিঠু ইসলামকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বাবুর বাজার এলাকার একটি পুকুরের পানি সেচে ফেলে মাছ ধরার প্রস্তুতি চলছিল। এ সময় সেচ পাম্প বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর আহত হন।
কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

