দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ বৃহস্পতিবার (৭ মে) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। বুধবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে। লেনদেন বেড়ে এদিন ৮৪৪ কোটি টাকায় চলে এসেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেনের শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৪ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ৩৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমে আসে। আজ লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট। পরে সূচকটি পতনে চলে আসে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের কমেছে ১৪ দশমিক ২৬ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৩৪ দশমিক ১০ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক শুন্য দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৫৮ দশমিক ১৬ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক সাত দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার এক দশমিক ৬১ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। গতকাল বুধবার (৬ মে) লেনদেন হয়েছিল ৭৬৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি ৯৪ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৭৯ হাজার ৯০৭ কোটি ৬৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৯৮টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিলের শেয়ার। কোম্পানিটির ৪৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকের ৩১ কোটি ৪৩ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৭ কোটি ৫৪ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৬১ লাখ টাকা, সালভো অর্গানিকের ১৫ কোটি ২০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৫ কোটি ১৫ লাখ টাকা, এপেক্স স্পিনিংয়ের ১৪ কোটি ৯৭ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৪ কোটি ৯৩ লাখ টাকা, মীর আকতার হোসেনের ১৪ কোটি ৪৮ লাখ টাকা এবং ইস্টার্ন ব্যাংকের ১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৮১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ।

