সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৬০৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে যথাক্রমে ১১২৮ ও ২১১০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে এক হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৬০ কোটি টাকা কম।
আগের দিন ডিএসইতে এক হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
এগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৯টি কোম্পানির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ১২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৭১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।
মঙ্গলবার সিএসইতে ৩০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৪২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

