ঢাকায় পুষ্টিবিদদের পেশাগত স্বীকৃতি, নিবন্ধন ও কার্যক্রম জোরদার করার দাবিতে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ন্যাশনাল নিউট্রিশন অ্যাসোসিয়েশনের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট সুমাইয়া শাহনাজ এবং সঞ্চালনা করেন ডায়েটিশিয়ান কনসালটেন্ট আমাতুল্লাহ শারমীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ড. মাহবুবুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও পুষ্টিবিদরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে সুমাইয়া শাহনাজ বলেন, দেশে অপুষ্টি, অতিপুষ্টি, মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি ও খাদ্যাভ্যাসজনিত অসংক্রামক রোগ বাড়ছে। এ পরিস্থিতিতে পুষ্টিবিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও তাদের পেশাগত স্বীকৃতি ও কর্মসংস্থানে এখনো ঘাটতি রয়েছে।
প্রধান অতিথি ড. মাহবুবুর রহমান বলেন, পুষ্টি সমস্যা সমাধানে প্রতিটি জেলা ও উপজেলায় স্বাস্থ্যকেন্দ্রে পুষ্টিবিদ নিয়োগ প্রয়োজন। এ খাতে এখনো জনবলের ঘাটতি রয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অন্যান্য বক্তারা পুষ্টিবিদদের সরকারি নিবন্ধন, গবেষণা বৃদ্ধি, একীভূত কারিকুলাম এবং স্বাস্থ্য খাতে তাদের সক্রিয় সম্পৃক্ততার ওপর জোর দেন। তারা বলেন, পুষ্টিবিদদের আইনগত স্বীকৃতি না থাকায় তাদের পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
বৈঠকে অংশগ্রহণকারীরা পুষ্টি খাতের বিদ্যমান সমস্যা তুলে ধরে বাস্তবসম্মত সুপারিশও দেন। এর মধ্যে রয়েছে—সরকারি পর্যায়ে পুষ্টিবিদদের পদ সৃষ্টি, মানসম্মত কারিকুলাম ও প্রশিক্ষণ কাঠামো প্রণয়ন, পেশাগত স্বীকৃতি ও কর্মসংস্থান জোরদার এবং পুষ্টিবিদদের জন্য লাইসেন্সিং আইন প্রণয়ন।
বক্তারা মনে করেন, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশের পুষ্টি খাত আরও শক্তিশালী হবে এবং সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

