সুন্দরবনে দস্যু দমনে অভিযান

0
সুন্দরবনে দস্যু দমনে অভিযান

দস্যু দমনে সুন্দরবনে শুরু হয়েছে দ্বিতীয় দফায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান। সোমবার দুপুর থেকে পূর্ব সুন্দরবন বিভাগে এ অভিযানে নেমেছে কোস্ট গার্ড, র‍্যাব, নৌবাহিনী ও পুলিশ। এ অভিযান চলবে পশ্চিম সুন্দরবন বিভাগেও। 

পূর্ব ও পশ্চিম সুন্দরবন জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ১০/১২ দস্যু বাহিনী। এ বাহিনীগুলো প্রতিনিয়ত সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে মুক্তিপণের দাবীতে জেলেদের অপহরণ করছে। যারা মুক্তিপণ দিচ্ছে তারা ছাড়া পাচ্ছে। আর মুক্তিপণ দিতে না পারা অনেক জেলে এখন বিভিন্ন দস্যু বাহিনীর কাছে জিম্মি রয়েছে। 

কোস্ট গার্ড’র মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লে. কমান্ডার সিয়াম উল হক বলেন, এর আগে ২৪ ফ্রেব্রুয়ারি প্রথম দফায় দস্যু দমনে অভিযান চালানো হয়। এরপর ২ মার্চ থেকে দ্বিতীয় দফায় ফের যৌথ অভিযান শুরু হয়েছে। দস্যুতা নির্মুল না হওয়া পর্যন্ত এ যৌথ অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। 

এই যৌথ অভিযানে নেতৃত্ব দেয়া কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) কর্মকর্তা লে. মোল্লা মাহমুদ আল হোসাইন বলেন, নৌ টহল পরিচালনার পাশাপাশি উপকূলীয় এলাকায় স্থল টহলও বৃদ্ধি করা হয়েছে। দস্যুদের সম্ভাব্য অবস্থান ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া স্থানীয় জেলে ও বনজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যাতে তারা যে কোন সন্দেহজনক তথ্য দ্রুত কোস্ট গার্ডকে জানাতে পারেন। সোমবার নতুন করে দ্বিতীয় দফায় শুরু হওয়া এ অপারেশনে রাত পর্যন্ত কোন দস্যু আটক বা গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here