সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর সদস্য আটক

0
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর সদস্য আটক

সুন্দরবনে বিশেষ যৌথ অভিযানে কুখ্যাত ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্ট গার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্বে ব্যস্ত থাকার সুযোগে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে।

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে খুলনার কয়রা উপজেলার নারায়ণপুর এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে (৩২) আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে মোংলার পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন বনাঞ্চলে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে একটি শটগান, একটি একনালা বন্দুক, ২১ রাউন্ড তাজা গুলি এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, নির্বাচন-পরবর্তী সময়ে সুন্দরবনে যৌথ অভিযান শুরু হলে আফজাল সরদার আতঙ্কিত হয়ে অস্ত্র ও গোলাবারুদ বনাঞ্চলে পুঁতে রেখে আত্মগোপনে যান।

আটক আফজাল সরদার খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বড় জাহাঙ্গীর বাহিনীর হয়ে ডাকাতি এবং অস্ত্র-গোলাবারুদ ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।

আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here