সুইডেনের বিপক্ষে লজ্জার হারে চাকরি হারালেন তিউনিসিয়া কোচ

0
সুইডেনের বিপক্ষে লজ্জার হারে চাকরি হারালেন তিউনিসিয়া কোচ

চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বড়সড় এক ধাক্কা খেয়েছে তিউনিসিয়া। গ্রুপ ‘এফ’-এর উদ্বোধনী ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরপরই প্রধান কোচ সাব্রি ল্যামুশিকে বরখাস্ত করেছে তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন। চলতি বিশ্বকাপে টুর্নামেন্ট চলাকালীন কোনো কোচের চাকরি হারানোর এটি প্রথম ঘটনা।

খেলা শেষ হওয়ার পরপরই অনুসন্ধানমূলক ক্রীড়া সাংবাদিক রোমেইন মোলিনা এই খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, সুইডেনের কাছে এমন লজ্জাজনক পরাজয় এবং দলের ড্রেসিংরুমে তৈরি হওয়া চরম উত্তেজনা ও কোন্দলের কারণে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন।

ম্যাচটিতে তিউনিসিয়াকে কোনো সুযোগই দেয়নি সুইডেন। ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা ছিল সুইডিশ ফুটবলার ইয়াসিন আইয়ারির গোলটি। নিজের বাবার মাতৃভূমি তিউনিসিয়ার বিপক্ষেই এই গোলটি করে ম্যাচজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেন তিনি। ৫-১ গোলের এই বিশাল ব্যবধানের পরাজয় তিউনিসিয়া ফেডারেশনের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেয়। 

এই বরখাস্তের মধ্য দিয়ে তিউনিসিয়ার ডাগআউটে সাব্রি ল্যামুশির অধ্যায় শেষ হলো মাত্র ৫টি ম্যাচ পরিচালনা করেই। তিউনিসিয়া দলের দায়িত্ব নেওয়ার পর মাত্র ৫ ম্যাচের মাথায় এমন বিদায় তার ক্যারিয়ারে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বকাপের মঞ্চে এখনো তিউনিসিয়ার দুটি ম্যাচ বাকি রয়েছে। আগামী ২০ জুন জাপানের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ, যা এখন দলটির জন্য বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে। জানা গেছে, এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই অন্তর্বর্তীকালীন (ইন্টারিম) কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দলটির সাবেক ম্যানেজার মোনধের কেবাইয়ের।

এখন দেখার বিষয়, নতুন কোচের অধীনে তিউনিসিয়া ড্রেসিংরুমের এই অস্থিরতা কাটিয়ে জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপে তাদের টিকে থাকার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারে কিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here