বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী সন্ধ্যা।
মঙ্গলবার গান, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী খাবারের সমন্বয়ে উৎসবমুখর হয়ে ওঠে জমিদার বাড়ি রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টার।
‘গানে গানে বর্ষবরণ’ শিরোনামে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অনুষ্ঠানে জনপ্রিয় ভবের হাট-এর শিল্পীরা বৈশাখী গান ও মনোজ্ঞ সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানে গানে বৈশাখকে বরণ করে নেওয়া হয়। ভবের হাট-এর শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশনায় অংশ নেন ফারিয়া, লুমিয়া, বনফুল ও তাপস কর।
রেস্টুরেন্টটির বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মেন্যুতে ছিল পান্তাভাত, সাদা ভাত, খিচুড়ি, ইলিশ ভাজা, আলু ভর্তা, ডাল ভর্তা, শুঁটকি ভর্তা, বেগুন ভর্তা, আমড়া ভর্তা, ঢেঁড়স ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, চাটনি এবং কোমল পানীয়সহ প্রায় ১৫টিরও বেশি আইটেম।
সিডনির জমিদার বাড়ি রেস্টুরেন্টের পরিচালক নুরুল ইসলাম শাহীন জানান, বৈশাখী গান ও ঐতিহ্যবাহী খাবারের সমন্বয়ে প্রবাসে এক টুকরো বাংলাদেশ খুঁজে পাবার অঙ্গীকার নিয়েই এই বৈশাখী উৎসবের আয়োজন করা হয়।
ভবের হাট-এর পরিচালক জাকি খন্দকার বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশজ সংস্কৃতি ও ঐতিহ্যকে ছড়িয়ে দিতে এমন বৈশাখী আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, ভবের হাট সিডনি বাউল গানের আসর-এর সিজন–১০ উপলক্ষে টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ২৭ জুন (শনিবার) সিডনির ঐতিহ্যবাহী কাসুলা পাওয়ার হাউজ মঞ্চে আসরটি অনুষ্ঠিত হবে।

