অস্ট্রেলিয়ার সিডনিতে রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বার্ষিক ট্যালেন্ট অ্যাওয়ার্ড অ্যান্ড কালচারাল নাইট ২০২৫’। লাকেম্বা সিনিয়র সিটিজেন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রেসিডেন্ট নাফিস আহমেদ খন্দকার। এতে বিশেষ অতিথি ছিলেন স্টেট মিনিস্টার সোফী কটসিস এমপি, কাউন্সিলর শিরিন আখতার, কাউন্সিলর হাদি সালেহ এবং সাবেক ডেপুটি মেয়র কার্ল সালেহ। এছাড়াও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আয়েশা আহমেদ ও শারিয়া নুর। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাফিন জামান। পরে ‘ক্যান্টারবুরি-ব্যাঙ্কসটাউন কাউন্সিল ট্র্যাডিশনাল কাস্টডি অ্যাকনলেজমেন্ট’ পাঠ করেন আরিমা সায়েদা। এরপর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল পর্বের সূচনা হয়।
সাংস্কৃতিক পর্বে অর্পিতা সোম চৌধুরীর পরিচালনায় শিশু শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অরনী ভৌমিক, নাভেরা কবির, প্রজ্ঞা প্রমিতা ঘোষাল, নিথিলা আহমেদ, রোদেলা আহমেদ ও পৃথা মনি সাহা। ছোট্ট আরিমা সায়েদা ছড়া আবৃত্তি করে দর্শকদের প্রশংসা কুড়ান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। ন্যাপলান, ওসি স্কুল ও সিলেকটিভ স্কুলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোতালেব, কাউন্সিলর হাদি সালেহ, সাবেক ডেপুটি মেয়র কার্ল সালেহ এবং স্টেট মিনিস্টার সোফী কটসিস এমপি। এছাড়া কাউন্সিলর শিরিন আখতার ইয়ার ৯-এর শিক্ষার্থীদের এবং প্রেসিডেন্ট নাফিস আহমেদ খন্দকার এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান তার বক্তব্যে ক্যান্টারবুরি-ব্যাঙ্কসটাউন কাউন্সিলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’, যা পান সংগঠনের সাবেক সভাপতি আয়েশা আহমেদ। তাকে পুরস্কার তুলে দেন সাবেক সভাপতি শামিম শামসুজ্জামান।
সাংস্কৃতিক পরিবেশনায় সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রাজিত হায়াত খান এবং অভিভাবকদের পক্ষ থেকে গাজী হাবিব সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

