সিডনিতে এসবিডব্লিউএন-এর সঙ্গে ফারাহ কবিরের মতবিনিময়

0
সিডনিতে এসবিডব্লিউএন-এর সঙ্গে ফারাহ কবিরের মতবিনিময়

সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্কের (এসবিডব্লিউএন) সদস্যদের সঙ্গে অ্যাকশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় সিডনির কেন্টহার্স্টে অবস্থিত দ্য হিলস গ্রোভে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।

তিন দশকেরও বেশি সময় ধরে মানবাধিকার ও জেন্ডার ন্যায়বিচার নিয়ে কাজ করা এই নেত্রী তার কর্মদর্শন ও অভিজ্ঞতা ভাগ করে নেন উপস্থিত সদস্যদের সঙ্গে। তিনি জানান, টেকসই ও অর্থবহ পরিবর্তনের সূচনা হয় কমিউনিটি পর্যায় থেকেই, যা এসবিডব্লিউএন-এর কাজের দর্শনের সঙ্গেও গভীরভাবে মিলে যায়।

আলোচনায় ফারাহ কবির অ্যাকশনএইড বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নারী নেতৃত্বাধীন জরুরি সাড়া প্রদানের মডেল এবং ‘হ্যাপি হোম’ প্রকল্প। যা প্রান্তিক কিশোরীদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করে এবং তাদের সম্ভাবনা বিকাশে সহায়তা করে।

অন্যদিকে, এসবিডব্লিউএন-এর সদস্যরা সিডনিতে বসবাসরত বাংলাদেশি-অস্ট্রেলীয় নারীদের নিয়ে তাদের কাজ, কমিউনিটির প্রয়োজন ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। প্রবাসে নারী কমিউনিটির জন্য তারা যেসব ঘাটতি পূরণে কাজ করছেন, তা নিয়ে আলোচনা হয়।

আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে পারস্পরিক মূল্যবোধের মিল এবং ভবিষ্যতে সচেতনতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একে অপরকে সহায়তা করার আগ্রহ প্রকাশ পায়।

এ সময় উপস্থিত ছিলেন স্থপতি জালাল আনিস। তিনি অ্যাকশনএইড-এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশে ‘ওয়াটার মিউজিয়াম’ নির্মাণে কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here