সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ় : মির্জা ফখরুল

0
সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ় : মির্জা ফখরুল

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়। সারা জীবন পড়লেও তাঁর যথাযথ আবিষ্কার করা সম্ভব হবে না। কবিকে অসাম্প্রদায়িক উল্লেখ করে তিনি বলেন, যে বিশেষ গোষ্ঠী রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্ণিত করার চেষ্টা করেন তাদের জ্ঞানের অভাব রয়েছে। কবি ছিলেন একজন দার্শনিক। 

তিনি বলেছেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পতিসরের কৃষকদের উন্নয়নে কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করেছিলেন। উন্নত যান্ত্রিক কৃষি ব্যাবস্থা চালু করেছিলেন। কবির এই ধারণাকে ধারণ আমাদের সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করছে। 

তিনি আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নওগাঁর পতিসরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠসকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন আয়েজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। 

অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু উপস্থিত ছিলেন। 

এ অনুষ্ঠানে আলেচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. হারুন অর রশিদ।

এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন অর রশিদ, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। 
 
সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের সূর মূর্ছনায় জাতীয় পতাকা উত্তোলন করে আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকা মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি, রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমি এবং অত্রাই উপজেলা শিল্পকলা একাডেমির কলাকূশলীরা সংগীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন।

এই আয়োজনকে ঘিরে পতিসর এবং আশেপাশের গ্রামগুলোতে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ, আমন্ত্রিত অতিথি, সরকারী কর্মকর্তাবৃন্দ, রবীন্দ্র অনুরাগীরা পতিসর কাচারী বাড়ি চত্বরে আসতে শুরু করেন। বেলা ১০টার মধ্যে দেবেন্দ্র মঞ্চের সামনের মাঠ কানাই কানাই ভরে উঠে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here